সীতাকুণ্ডে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী তূর্ণা নিশীথার সঙ্গে একটি ট্যাংক লরির সংঘর্ষ হয়েছে। এতে তূর্ণা নিশীথার ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার পর আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৪টার পর আপ লাইন সচল করে ট্রেন চলাচল শুরু করা হয়েছে।
জানা যায়, গতকাল রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যায় তূর্ণা নিশীথা। বাড়বকুণ্ডের এসকেএম জুটমিল গেটে এটি একটি লরিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তূর্ণার পর চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস আটকা পড়ে কুমিরায়। এছাড়া চট্টগ্রামমুখি অনেক ট্রেন আটকা পড়ে সীতাকুণ্ড স্টেশনে।
সীতাকুণ্ড স্টেশন মাস্টার মোতাহার সিদ্দিকী ও সোহাগ বলেন, আপ লাইন সচল করে রাত ৪টার দিকে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। তবে চট্টগ্রামমুখি ডাউন লাইনে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আর শুধুমাত্র আপ লাইন দিয়ে ট্রেন চলাচলের কারণে সীতাকুণ্ড স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছিল। আর দুর্ঘটনায় কবলে পড়ে বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধার করে বুধবার সকালে সীতাকুণ্ড রেল স্টেশনে এনে রাখা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। / সম