বৌদ্ধ ভিক্ষুকে হত্যাকারী আটকসহ দৃষ্টান্তমুলক দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বৌদ্ধ ভিক্ষুদের ও বৌদ্ধ ধর্মালম্বীরা। মঙ্গলবার খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল থেকে তারা এ দাবি জানান।
সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থল শাপলা চত্ত্বরে বিভিন্ন বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মালম্বীদের সংগঠন জড়ো হয়। পরে সকলে মিলে মানববন্ধনে মিলিত হয়।
গত সোমবার দিবাগত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবিরকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে। এসময় তিনি বিহারে একা ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষু সংসার ত্যাগী, তার কোন ধন সম্পত্তি থাকে না, কারোর সাথে বিরোধে জড়িয়ে পড়েন না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন। তাকে তার বিহারেই সোমবার দিবাগত রাত কুপিয়ে হত্যা করা হয়।
বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকান্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এ হত্যাকান্ডে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আবদুল আজিজ।