শেরপুরের শ্রীবরদীতে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৩জন। মঙ্গলবার রাতে উপজেলার কলাকান্দা-দিয়ারচর এলাকার ব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
আহতরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই শিক্ষার্থী।
নিহত ইসমাইল হোসেন পূর্ব খড়িয়াকাজির চর এলাকার আবু তালেব ও সাইদুল ইসলাম একই এলাকার সেলিম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তারা ১৫জন শ্রীবরদীর পূর্ব খড়িয়াকাজিরচর এলাকা থেকে পিকআপ দিয়ে পিকনিকের উদ্দেশ্যে ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশে যায়।
পিকনিক শেষে সন্ধ্যার দিকে গজনী অবকাশ থেকে ফিরে শ্রীবরদী বাজার আসে। পরে বাজার থেকে একটি ট্রলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রাত সাড়ে ১১টার দিকে কলাকান্দা-দিয়ারচর এলাকার ব্রীজের কাছে গেলে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে সবাই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানেই ৪জনের অবস্থার অবনতি হওয়ার শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় দুইজন মারা যায়। ঘটনার পর ট্রলির চালক জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীবরদী থানায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।