ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে কুমিল্লায় এক জন নিহত হয়েছে। কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউসুফপুরে এই ঘটনা ঘটে। নিহিত ব্যাক্তির নাম সুরুজ মিয়া (৫০)। ইউসুফপুর গ্রামের দিল্লুর আলীর ছেলে তিনি।
আওয়ামী লীগ প্রার্থী কবির হোসেন নিহত ব্যক্তিকে তার কর্মী বলে দাবি করেছেন। এজন্য তিনি থানায় ৩ টি মামলাও করেছেন।
ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নৌকার সমর্থক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন সরকার এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাজহারুল হকের কর্মী হাবিবুর রহমান ও আবু কাউছার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা করছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ইউসুফপুর ধানিস মার্কেটের সামনে ঘোড়া প্রতীকের লোকজন তাদের ওপর হামলা চালান। দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হামলাকারীদের ধাক্কায় মাটিতে পড়ে যান সুরুজ মিয়া। দ্রুত তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক ওয়াহিদুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই সুরুজ মিয়ার মৃত্যু হয়। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।