অবহেলা নয়, জীবাণু সংক্রমণে চিড়িয়াখানার জেব্রা ও সিংহের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, যে সকল বিদেশি প্রাণী আনা হয়, তার জলবায়ু, থাকার জায়গা আমাদের দেশের মতো নয়। তাছাড়া বিভিন্ন ধরনের রোগ ও জীবাণুর সংক্রমণও থাকে।
চিড়িয়াখানায় মারা যাওয়া প্রাণীদের একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে অবহেলায় নয়, সংক্রমণে মারা গেছে বলে জানা গেছে। জেব্রার মৃত্যু জীবাণু সংক্রমণে হয়েছে। এছাড়া বিড়াল প্রজাতির প্রাণীও বিভিন্নভাবে সংক্রমিত হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেটে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আরো যে সকল প্রাণী আছে, তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে।
মন্ত্রী ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি ভিত্তিপ্রস্তর স্থাপন, সিলেটে নির্মানাধীন বুল স্টেশন পরিদর্শন, সরকারি ছাগল উন্নয়ন খামার, দুগ্ধ খামার পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম।