চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী ভোট চলাকালীন দুই প্রার্থীর গ্রুপের সংঘর্ষে ২ জন মারা গেছে। নিহতের একজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া গেছে। তার মধ্যে একজন কিশোর।নাম তাসিফ (১২)।
সোমবার দুপুর ১২টায় নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত তাসিব মরফলা আরএমএন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার জসিম উদ্দীনের ছেলে ও ইউপি সদস্য প্রার্থী মিজানুর রহমানের ভাতিজা।
বিষয়টি সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার নিশ্চিত করেছেন।
নিহতের চাচা মিজানুর রহমান বলেন, আমার ভাতিজা তো ভোটারও হয়নি। তার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিদের তো কোনো বিরোধিতা থাকার কথা নয়। অন্যদের মতো সেও ভোটগ্রহণ দেখতে এসেছিল। আর তাকে প্রাণ হারাতে হয়েছে।
এদিকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় খাগরিয়া ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন এবং প্রতিটি ইউপিতে টহলও দিচ্ছেন।
কেন্দ্র দুটি হচ্ছে- খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ কেন্দ্র।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলার ৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই চারটি ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ হাজার ৩৬৩ জন পুলিশ, ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র্যা বের ৬টি টহল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া এবারের নির্বাচনে প্রতিটি ইউনিয়নের জন্য ১ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।
তিনি আরও বলেছেন, ১৪৫টি ভোট কেন্দ্রের ৬৭১ বুথে ভোটগ্রহণ চলছে। ১৬টি ইউনিয়নে ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, দুই কেন্দ্রে সাময়িক ভোট বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে স্থায়ীভাবে ভোট বন্ধ করা হবে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সাতকানিয়া উপজেলার ছদাহা, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা সোনাকানিয়া ও সদর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।
এর মধ্যে পুরানগড়, মাদার্শা, কেঁওচিয়া ও সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ীরা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।