চট্টগ্রামে ৪১ দিন পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই অঙ্কে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৯ জন নতুন বাহক শনাক্ত হন। সংক্রমণ হার ২.৭৯ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে চট্টগ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও নগরীর ১০ ল্যাবরেটরিতে গতকাল ২ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৬৯ জনের মধ্যে শহরের ৬১ ও ছয় উপজেলার ৮ জন।
উপজেলার ৮ জনের মধ্যে রাউজান ও ফটিকছড়িতে ২ জন করে এবং হাটহাজারী, লোহাগাড়া, আনোয়ারা ও বোয়ালখালীতে একজন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৯৭৩ জনে।
এর মধ্যে শহরের ৯১ হাজার ৬১০ এবং গ্রামের ৩৪ হাজার ৩৬৩ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি।
মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে শেভরনে ১.৩৮ শতাংশ, বিআইটিআইডি’তে ৫.৬২, চমেকহা’য় ১১.৮১, চবি’তে ৫.৭১, সিভাসু’তে ২.৯৪, ইম্পেরিয়াল হাসপাতালে ২.৮৩, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১.৪৭, মেডিকেল সেন্টার হাসপাতালে ০.৯১, এপিক হেলথ কেয়ার ১.১১, মেট্রোপলিটন হাসপাতালে ১.৮৮, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১.০৪ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ২.২১ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।