গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। দুজনেরই বয়স ৬১ বছরের ওপরে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪০ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে কোনো রোগী হাসপাতাল ছেড়ে যাননি।
বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৬ জন, পাবনার ২ জন, চুয়াডাঙ্গার একজন, ঝিনাইদহের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা হয়নি। তবে একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ১৮টিতে করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ৭৮টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৪টিতে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৫.১৩ শতাংশ।
এছাড়া জয়পুরহাটের ৯১টি নমুনা পরীক্ষায় ১১টিতে এবং নাটোরের ১৯টি নমুনা পরীক্ষায় ৩টিতে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে জয়পুরহাটে ১১.৯ এবং নাটোরে ১৫.৭৯ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।