চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ৫ আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত একটার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
নিহতদের মধ্যে রয়েছে, কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. শাহপরান তুষার (২২) মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে , একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), মনোহরগঞ্জ ঝলম দক্ষিন ইউনিয়নের ছাত্রলীগ নেতা রেজাউল করিম (২৩) চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে, যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. আ. খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন । পুকুরের পানিতে পড়ে যাওয়ায় গাড়ির ভেতর থেকে কেউ বের হতে পারেননি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।
শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।