হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। মাধবপুর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) এবং ইজিবাইকচালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সামাদ আলী (৪৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রী মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
মাধবপুর থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ইজিবাইকচালক সামাদ আলী ও আমসু মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সামাদ আলী ও আমসু মিয়া মারা যান।