চট্টগ্রাম মহানগরে গত এক দিনে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি, এই ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যুও হয়নি।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫২৭ জনের নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম জেলায়।
এর মধ্যে পটিয়া উপজেলার এক বাসিন্দার শরীরে সংক্রমণ ধরা পড়েছে। চট্টগ্রাম মহানগরে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
মহামারী শুরুর পর থেকে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের।
চট্টগ্রামে কোভিড শনাক্তের হার শূন্যের কোঠায় নেমেছিল গত বছরের ২২ নভেম্বর। ওই দিন ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে এ ভাইরাসের উপস্থিতি মেলেনি।
এরপর করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে সারা দেশের মত চট্টগ্রামেও আবার সংক্রমণ বেড়ে যায়। জেলায় গত ২৪ জানুয়ারি শনাক্তের হার ওঠে ৪০ শতাংশে, ফেব্রুয়ারির শুরু থেকে তা আবার নামতে থাকে।