সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে গোসল করতে নেমে দুদিন আগে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শুভ চন্দ্রের (১৪) মরদেহ উদ্ধার হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার বিকেলে দোল উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে শুভ চন্দ্র নিখোঁজ হয়। সে চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার বিকেলে শিক্ষার্থী শুভ নদীতে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরিদল দুদিন নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থলের প্রায় ৫০০ মিটার ভাটিতে শুভর মৃতদেহ ভেসে ওঠে। সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জ শহরের পুরাতন জেলখানা ঘাট এলাকায় একই দিন (শুক্রবার) দুপুরে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সকাল সূত্রধর এখনো উদ্ধার হয়নি। সে শহরের সিরাজগঞ্জ শহরের গোসালা মহল্লার কালু সূত্রধরের ছেলে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঘটনার সময় দুজন শিক্ষার্থী নদীতে নিখোঁজ হয়েছিল। ঘটনার পরপরই গোসালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে সঞ্জিব কর্মকার নয়নের লাশ উদ্ধার হয়। কিন্তু নিখোঁজ স্কুলছাত্র সকাল সূত্রধর এখনো উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে রাজশাহী থেকে আসা ডুবুরিদল আজও নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।