নারায়ণগঞ্জের কয়লাঘাটে এম ভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার অভিযান চলছে। নিহত ছয়জনের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন জয়নাল ভূঁইয়া (৬০)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিহতের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও দুই শিশু রয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। পথে এমভি রূপসী-৯ নামে একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।
একজন প্রত্যক্ষদর্শী জানান, নিহত জয়নাল হার্টের রোগী ছিলেন। লঞ্চ ডুবে যাওয়ার পর সাঁতারে তীরে উঠেছিলেন জয়নাল ভূঁইয়া। কিন্তু এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিএয়ের উপ-পরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য বলেন, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।