মাত্র এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি মারা গেছে। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তারা মারা যান বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার ভোরে ঘণ্টাখানেকের ব্যবধানে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা মারা যান।
তাদের মধ্যে ৪৫ বছর বয়সী রফিক উদ্দিনের বাড়ি চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে। আর ৪০ বছর বয়সী বাবুল মিয়া ছিলেন হাছনদণ্ডীর বাসিন্দা। রফিক মারামারি এবং বাবুল মাদক মামলায় কারাগারে ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, বাবুল রোজা রাখার জন্য সেহেরি খেয়েছিল। বিছানায় যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করার কথা জানান। আর রফিক অসুস্থতা অনুভব করায় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।'
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার বলেন, 'দুজনেরই ময়নাতদন্ত হবে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।'