রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) দুই কর্মকর্তার অপসারণের দাবিতে এই ধর্মঘট ডেকেছে সংগঠনটি।
সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম জানান, বিআরটিএ’র সহকারী পরিচালক সানাউল হক এবং রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার গাড়ির কাগজপত্র দিতে অনিয়মের আশ্রয় নেন। তারা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না। আবার ঘুষ দিলে লাইসেন্স দ্রুত মেলে। আমরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছি, কিন্তু সেই দাবি পূরণ করা হয়নি। তাই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত বিআরটিএ কর্মকর্তা মো. সানাউল হক তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, তারা আমার নামে মিথ্যাচার করে ধর্মঘট ডেকেছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) শ্রমিক সংগঠনের সভাপতি ময়নুল ইসলামের ছোট ভাই অন্য আরেকজনের সিএনজি অটোরিকশার মালিকানা বদল সংক্রান্ত কাজে বিআরটিএ কার্যালয়ে এসেছিলেন। সেখানে বিক্রির রসিদসহ কিছু জায়গায় আগের মালিককে স্বাক্ষর করতে হয়। সেখানে দুই জায়গায় দুই ধরনের স্বাক্ষর পাওয়া যায়। এ নিয়ে কথা বললে সভাপতির ছোট ভাই আমার ওপর ক্ষিপ্ত হন। অসামঞ্জস্যপূর্ণ স্বাক্ষরের ব্যাপারে বিআরটিএর নিয়মকানুন সম্পর্কে আমরা তাদের অবহিত করি। তারা অন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ধর্মঘট ডেকেছেন।