আগামী বাজেটকে অংশগ্রহণমূলক করতে বান্দরবানে প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলন বান্দরবান জেলা কমিটির আয়োজনে এবং সেফটি অ্যান্ড রাইটস, বিএনকেএস, গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল এ সংলাপ অনুষ্ঠিত হয়। বান্দরবান বিএনকেএসের প্রধান কার্যালয়ের সভাকক্ষে সভাপতিত্ব করেন সংস্থাটির কর্মসূচি পরিচালক পেশল চাকমা।
সংলাপে বক্তারা স্থানীয় পর্যায়ে ইউনিয়ন প্রশাসন ও জনসাধারণের অংশগ্রহণ ও মতামতভিত্তিক বাজেট প্রণয়ন করা, স্থানীয় চাহিদা (এলাকা, সংস্কৃতি, ঐতিহ্য, আচরণ, জীবনযাত্রা) অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ বাজেট বরাদ্দ, পার্বত্য এলাকাগুলোয় খাওয়ার পানির জন্য বিশেষভাবে বরাদ্দ রাখা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের বাজেট তৈরির দাবি জানান।
অনুষ্ঠানে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের বান্দরবান জেলা কমিটির সভাপতি অংচমং, বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক উম্মে হুজাইফা মিফতাহ, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (অব.) মংক্য শোয়েনু নেভী, পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমুন চক্রবর্তীসহ গণতান্ত্রিক বাজেট আন্দোলন বান্দরবান শাখা কমিটির সদস্য ও পেশাজীবীরা অংশ নেন।