বরিশালের উজিরপুরে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর গনমাধ্যমকে বলেছেন, দুর্ঘটনার খবর পাবার পর ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।