ফেসবুকে পরিচয়। অল্পস্বল্প চ্যাটিং। এরপর ফোন নম্বর আদান-প্রদান।মার্কিন যুবক রাইয়ান কফম্যান এক পর্যায়ে বাংলাদেশেই উড়ে এলেন গাজীপুরের তরুণী সাইদা ইসলামকে (২৬) বিয়ে করতে।
সাইদা জানিয়েছেন, ২৯ মে কফম্যান বাংলাদেশে আসেন। এরপর পরিবারের সম্মতিতে গাজীপুরেই সম্প্রতি তাদের বিয়ে হয়েছে।
রাইয়ান যুক্তরাষ্ট্রের একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অপারেটর পদে কাজ করেন। লেখাপড়া করেছেন মাধ্যমিক পর্যন্ত। তার মা-বাবা ছাড়াও এক বড় ভাই রয়েছেন। তারা যুক্তরাষ্ট্রে প্রত্যেকেই আলাদা বাসায় বসবাস করেন।
কনে সাইদা ইসলাম গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনি ও মৃত সিকন্দার আলীর মেয়ে।
কনের নানা মোশারফ হোসেন মাস্টার বলেন, আমার জামাইয়ের নাম সিকন্দার আলী। সে ঢাকার দনিয়া এলাকায় বসবাস করত। ২০১৯ সালে তিনি মারা যান। জামাইয়ের মৃত্যুর পর আমার মেয়ে দুই নাতনিকে নিয়ে ঢাকা থেকে গাজীপুরে চলে আসেন। এখন তারা আমার এখানেই বসবাস করছেন।
বাবা মারা যাওয়ার এক বছর পর স্নাতক পাস করে সাইদা।
কনে সাইদা ইসলাম বলেন, ‘২০২১ সালের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পরিচয় হয় রাইয়ান কফম্যানের সঙ্গে। এ সময় আমরা নিজেদের ফোন নম্বর, ফেসবুক আইডি ও ঠিকানা বিনিময় করি। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো। ফোন ও ভিডিও কলে কথা বলতে বলতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এবং দুজন দুজনকে ভালোবেসে ফেলি। এভাবে প্রায় এক বছর ফেসবুকে প্রেম করি।’
রাইয়ান বিয়ে করার জন্য খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার ও আমার পরিবারের সম্মতিতে এ বছরের ২৯ মে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন। এ দিনই আমাদের প্রথম দেখা হয়।
এয়ারপোর্ট থেকে রাইয়ান আমার সঙ্গে নানা বাড়িতে আসেন। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। বর্তমানে আমরা নানা-বাড়িতেই আছি।