গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি ছাপাখানা কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) সকালে চৌরাস্তার শালনা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. রাসেল (২৪), মো. ইয়াকুব আলী (২১), মো. হাসান (৪৫) ও মো. শফিক (৪০)। তাদের মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক।
শ্রমিকদের সহকর্মী সেন্টু মিয়া বলেন, গাজীপুর সালনা এলাকায় নতুন একটি ছাপাখানা কারখানা হবে। এজন্য বৃহস্পতিবার রাতে ফকিরাপুল থেকে চারটি ছাপাখানার মেশিন আনা হয়েছে। ওই মেশিন কারখানার তৃতীয় তলায় উঠানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুতায়িত হন রাসেলসহ চারজন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, গাজীপুর সালনা এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন এসেছেন। তাদের মধ্যে রাসেল নামের একজনের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ( ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গাজীপুর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।