পঞ্চগড়ের বোদায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সৌরভ নামে মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন। তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) বিকেলে উপজেলার মন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উত্তজিত জনতা ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে হতাহতরা বোদা বাজার থেকে মোটরসাইকেলে দুইজন নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফিড মিলের একটি ট্রাক কোনো রকম সিগনাল ছাড়াই ফিড মিলের ভেতরে প্রবেশ করতে গেলে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মনিরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়। অপরজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়ে যাওয়া হয়েছে।