শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মাঝ পদ্মায় ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে কর্তৃপক্ষ দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় কেউ হতাহত হয়নি।
ফেরিতে থাকা যাত্রী বশির আলম শনিবার (১১ জুন) সকালে দেশ টিভিকে বলেন, ভোর পৌনে ৫টায় ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে যায়। পদ্মা নদীর মাঝিরকান্দি চ্যানেলে যেতেই আগুনের শিখা দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফেরির পাম্প দিয়ে পানি ছিটিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন কর্মকর্তারা। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে চালক দ্রুত চালিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেয়।
ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস জানান, ক্যান্টিনের পাশে কেবিনের ওপরের সিটে আগুন লাগে।
এতে ফেরির ওই কেবিনটির বিছানা, সিলিং দরজা ও কেবিনের বাইরের সিলিং ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় কেবিনে কেউ ছিল না। দরজা খুলতেই আগুন বাইরে চলে আসে।