ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও দুটি বগি পুড়ে গেছে।
শনিবার (১১ জুন) বেলা পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট-আখাউড়া রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কমলগঞ্জের ইউনিট কাজ শুরু করে। পরে মৌলভীবাজার, কুলাউড়া ও শ্রীমঙ্গল থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ট্রেনে যারা দায়িত্বে ছিলেন তারা ধারণা করছেন এসির কোনো ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: