কর্মস্থল থেকে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধা ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলীর নাম মোজাহার আলী (২৮)। তিনি মোজাহার দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউপির রানীনগর-তেগরা গ্রামের নজরুল মণ্ডলের ছেলে।
গণমাধ্যমসূত্রে জানা যায়, নিহত মোজাহার আলী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী হিসেবে নিযুক্ত ছিলেন। ডুয়েট বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি শেষে গত ফেব্রুয়ারি মাসে চাকরিতে যোগদান করেছেন।
গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তিনি বিয়ে করেছেন। শুক্রবার (১০ জুন) বিকেলে খবর পেয়েছেন নতুন করে তার চাকরি চূড়ান্ত হয়েছে গণপূর্ত অধিদফতরে। গণপূর্তে গত ৫ মাস আগে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। মোবাইল ফোনে স্ত্রীকে কল করে বলেছেন, 'তোমাকে সারপ্রাইজ দিব। আমি বাড়িতে আসছি।'
পরে তিনি শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে পথ দেন। পথে মোটরসাইকেল তার মোটসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাহার আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপটি রাস্তার পাশে জমিতে উল্টে যায় এবং পিকআপটির ড্রাইভারসহ গাড়িটিতে থাকা ১৭ জন আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।
শুক্রবার মধ্যরাতে নিহত মোজাহার আলীর ভাই মজিদুল মণ্ডল বাদী হয়ে পিকআপটির চালক ও দুই হেলপারের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছে।