কিশোরগঞ্জের ইটনায় হাওরে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে একজন মাঝি আর বাকি দুইজন দুই আরোহী ছিলেন। সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন-করিমগঞ্জের হালগড়া গ্রামের ৬০ বছরের সিরাজ উদ্দিন, তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের ২৫ বছর বয়সী মো. মাসুদ ও মাঝি ওয়াসিম মিয়া। ওয়াসিমের বাড়ি ইটনা সদর ইউনিয়নের বেতেগা গ্রামে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার জানান, সকালে তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে নৌকায় করে গাছের ডালপালা নিয়ে ইটনা সদর ইউনিয়নের বেতেগার দিকে রওনা দেন সিরাজ ও মাসুম। বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনে হাওরে পৌঁছালে ঝড়ো বাতাস শুরু হয়। এতে ডুবে যায় নৌকাটি।
চেয়ারম্যান আরও জানান, নৌকায় মো. ওয়াসিম ও নিজামুল হক নামে আরও দুই আরোহী ছিলেন। তারা সাঁতরে মাছ ধরার নৌকায় উঠে যান। অন্যদের পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী জানান, নিখোঁজদের উদ্ধারে বিকেলে জেলা সদর থেকে চারজনের ডুবুরি দল ঘটনাস্থলে গেছে। রাত ৮টা পর্যন্ত তাদের পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে আবার উদ্ধারে কাজ শুরু করবে দলটি।