শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা চাপায় পারভেজ হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৩ জুন) দুপুরে শহরের সজবরখিলা এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ শহরের শীতলপুর এলাকার বাসিন্দা ও শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর এলাকার মো. কামরুল হুদার ছেলে।
এদিকে ঘাতক সিএনজি চালিত অটোরিকশাটি আটক করা হলেও এর চালক কৌশলে পালিয়ে গেছে।
স্থানীয় লোকজন জানান, দুপুর ১২টার দিকে পারভেজ হাসান শেরপুর শহরের খোয়ারপাড়-নিউমার্কেট সড়কের সজবরখিলা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ হাসানকে চাপা দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ফুলপুর এলাকায় মারা যান পারভেজ।
সদর থানার (এসআই) মো. রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএনজি চালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।