পরীক্ষার হলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় বরিশালে চারদিনে ১২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অস্বাভাবিক গরমে শরীরে লবনের ঘাটতি দেখা দেওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে চিকিৎসক জানিয়েছেন।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কামারখালী কে.এস.ইউ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্কুলের প্রধান শিক্ষক জলিলুর রহমান আখন্দ জানান, চারদিন ধরে ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটছে।
সোমবার (১৩ জুন) ৭ জন ছাত্রী, রোববার একজন, শনিবার ৩ জন এবং বৃহস্পতিবার একজন ছাত্রী পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়েন। তারা নবম ও দশম শ্রেণির ছাত্রী।
তিনি জানান, শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। আর যারা অসুস্থ হচ্ছেন তারা সকলেই বিকেলের শিফটের পরীক্ষার্থী। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের প্রথম উপসর্গ শ্বাসকষ্ট দেখা দেয়। তাদের সবাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।