তিস্তা নদীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকাল ৯টা থেকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় তিস্তার সবকটি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। তিস্তা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি চর গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট (জলকপাট) খুলে তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমরা সতর্ক রয়েছি। জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্যাকবলিত পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।