কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসের পর মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে।
মৃত রবিউল হাসান (৫) ওই এলাকার নজির হোসেনের ছেলে।
মহশেখালী থানার ওসি আব্দুল হাই জানান, উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে রোববার (১৯ জুন) রাত ১১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
রবিউলের স্বজনদের উদ্ধৃত করে কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, রোববার বিকেলে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও রবিউল ফেরেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মৃতদেহ উদ্ধার করে তারা।
তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে মহেশখালীতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে শিশুটির গায়ের উপর ধসে পড়লে তার মৃত্যু হয়।