দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রাকের চাপায় শহিদুল ইসলাম (৬৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বিরামপুর উপজেলার কাটলা বাজারের বাসিন্দা মৃত নবাব উদ্দিনের ছেলে। পেশায় একজন দর্জি ছিলেন।
আজ বুধবার দুপুর দেড়টায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গত ১ জুন রাতে একই স্থানে সবুজ ও তাজিন নামের দুই ভাই মালবাহী ট্রাকের চাপায় মারা যান। তখন আরও একজন গুরুতর আহত হন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিরামপুর থেকে মোটরসাইকেলে শহিদুল ইসলাম ফুলবাড়ীতে হালখাতায় যাচ্ছিলেন। পথে পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৮-৫৯) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।