দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ফারহানা নামে ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৪ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
ফারহানা উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (টাওয়ারের মোড়) গ্রামের ফরহাদ হোসেনের দ্বিতীয় মেয়ে। সে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারহানার বড় বোন খুশি বিকেল ৩টার দিকে ছোট বোন ফারহানাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে ফারহানাকে নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে ফারহানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ফারহানার বাবা ফরহাদ হোসেন বলেন, মা-হারা তিন মেয়েকে রেখে প্রতিদিনের মতো আজও ভ্যানগাড়ি চালাতে যাই। রিকশাভ্যান চালানোর সময় লোক মুখে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি, দ্বিতীয় মেয়ে ফারহানা মারা গেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।