সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমার জনপ্রিয় গান ‘চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর’ গানটির শিল্পী আব্দুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।
দুই কোটি টাকার চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুই মামলায় আদালত এ আদেশ দেন। একই আদেশে আদালত চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশও দিয়েছেন।
সোমবার (২৭ জুন) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় শিল্পী আবদুল মান্নান রানা আদালতে উপস্থিত ছিলেন না।
এই ধরনের মামলায় রায় হয়ে গেলে আদালতের নির্দেশ অনুযায়ী, চেকের সমপরিমাণ অর্থ ব্যাংকে জমা না দিলে মুক্তি মেলে না। সাময়িক মুক্তির জন্য অর্ধেক টাকাও জমা দেয়া যায়।
বাদী পক্ষের আইনজীবী তপন কুমার দাশ জানান, দুই কোটি টাকার চেকের মামলায় সংগীত শিল্পী ও ব্যবসায়ী আবদুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে নগরীর কোতোয়ালী থানার চৈতন্য গলির বাসিন্দা আবদুল্লাহ আল হারুন নামে এক ব্যক্তি আবদুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।