নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,বঙ্গবন্ধু আমাদেরকে আত্মপরিচয় দিয়েছেন। একটি স্বাধীন দেশ দিয়েছেন। এজন্যই বলা হয়, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।
শুক্রবার (১ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে তাঁর (বঙ্গবন্ধুর) স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তাঁর রক্তের উত্তারাধিকার শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করে যাব।
তিনি বলেন, অন্ধকারে নিমজ্জিত দেশকে আলোর দিশারী হিসাবে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে নিজস্ব আর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে অল্প সময়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতে পেরেছি। এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ।
খালিদ মাহমুদ চৌধুরীসহ উপস্থিত সকলে পবিত্র ফাতেহা ও দরূদ পাঠ শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
পরে, প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সংলগ্ন মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন।