লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে এক শিশুও রয়েছে।
শনিবার (২ জুলাই) সকালে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের কোস্টগার্ড আউটপোস্ট সংলগ্ন মসজিদের পুকুর থেকে হান্নান হাওলাদার (২০) নামে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। হান্নান আলেকজান্ডার ইউনিয়নের সাবেক সদস্য বাবুল মেম্বারের ভাতিজা।
রামগতি থানার ওসি আলমগীর হোসেন বলেন, মৃত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময়ে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি পানিতে পড়ে গিয়ে মারা যান।
এদিকে, শনিবার সকালে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর মেহার গ্রামে মো. মোহন নামে দুই বছর দুই মাস বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মোহন স্থানীয় মো. সিরাজের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপঙ্কর মোদক জানান, সকাল ১০টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।