কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শিবিরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ১ মাসে আক্রান্ত ৫ হাজার। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের মাঝেও ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ছে।
ডেঙ্গু প্রতিরোধে জরুরিভাবে পদক্ষেপ না নিলে করোনা ভাইরাসের মতো ডেঙ্গুও মহামারি রূপ নিতে পারে এমন অভিমত চিকিৎসকদের।
হাসপাতালে শিশু ওয়ার্ড সুত্রে জানা যায়, সাধারণ ওয়ার্ডের পাশাপাশি শিশু ওয়ার্ডেও প্রতিদিন ডেঙ্গুরোগী আসছে। তবে বেশিরভাগই রোহিঙ্গা।
সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার নিচ্ছে। এখন দৈনিক দেড়শ থেকে ২শ রোগী ডেঙ্গু জ্বর নিয়ে ক্যাম্পের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। আর কোন রোগীর অবস্থা সংকটাপন্ন হলেই কেবল ক্যাম্পের হাসপাতালগুলো থেকে জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০১৭ সালে দুই হাজার ৭৬৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরের বছর সেই সংখ্যা প্রায় চারগুণ বেড়ে ১০ হাজার ১৪৮ জনে দাঁড়ায়। আর এর পরের বছর অর্থাৎ ২০১৯ সালে সেই সংখ্যা প্রায় ১০ গুণ বেড়ে দাঁড়ায় এক লাখ এক হাজার ৩৫৪ জনে। এর মধ্যে ১৭৯ জন প্রাণ হারান।