ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় এবার মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুরছালিনকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় গণমাধ্যমকে জানান, মোরসালিন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্চনার ঘটনার মামলার বাদী। তাকে যেকোনও সময়ে লাগতে পারে। এ কারণে মোরসালিনকে নড়াইল শহরে আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, এসআই মোরসালিনকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীরকে প্রত্যাহার করা হয়। খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব ভারতের বিতর্কিত রাজনৈতিক নেতা নুপুর সাহাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ অভিযুক্ত ছাত্রকে জুতার মালা পরানো হয়।
ওই ঘটনায় ২৭ জুন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৭০-১৮০ জনের বিরুদ্ধে মামলা করে। মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আগে গ্রেফতার চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।