বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর হাওলাদার (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নিহতের ছেলে সাকিবও আহত হন।
সোমবার (৪ জুলাই) দুপুরে মোরেলগঞ্জ প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারইখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণিসম্পদ অফিসের সামনে আরেক মোটরসাইকেলের চালক ফরিদ জাহাঙ্গীর ও তার কলেজ পড়ুয়া ছেলে সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহাঙ্গীরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ফরিদকে আটকের চেষ্টা চলছে।