নোয়াখালীর কোম্পানীগঞ্জে পিকঅ্যাপ ভ্যান ও ব্যাটারিচ্যালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের বিজয় নগরের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন মিলন (৪৮) কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের হানিফ বিএসসি বাড়ির মান্নান দরবেশের ছেলে এবং লিলি বেগম (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলী এলাকার আলী সওদাগরের স্ত্রী। আহত অটোরিকশা চালকের নাম মামুন (৪৫)।
চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি জানান, বিকেলে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে একটি পিকঅ্যাপভ্যান সোনাপুরের উদ্দেশে যাত্রা করে। পথে পিকঅ্যাপভ্যানটি চরফকিরা ইউনিয়নের তের চোরার বেড়ি দোকানঘর এলাকায় পৌঁছালে চাপরাশিরহাট সংযোগ সড়ক থেকে একটি অটোরিকশা বাংলাবাজার-সোনাপুর সড়কে উঠলে পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই যাত্রী মিলন মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশা যাত্রী লিলি বেগম ও অটোরিকশা চালক মামুনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিলি বেগমকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন পিকআপভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।