ময়মনসিংহের তারাকান্দায় সেপটিক ট্যাংকে থেকে আব্দুস সামাদ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুস সামাদ উপজেলার বালিখা ইউনিয়নের দাদরা গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
এর আগে সোমবার (৪ জুলাই) সকালে প্রতিদিনের মত বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় আব্দুস সামাদ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আব্দুস সামাদ পেশায় অটোরিকশাচালক। প্রতিদিনের মত অটোরিকশা নিয়ে বের হয়ে গতকাল নিখোঁজ হয় সে।
পরিবারের লোকজন সোমবার (৪ জুলাই) রাতে থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করেন।
ওসি আরও জানান, সকালে নিখোঁজ আব্দুস সামাদের অটোরিকশাটি পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে পাওয়া যায়। এসময় বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে আব্দুস সামাদের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মরদেহটির ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে ওসি আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।