রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসচাপায় আলহাজ ফড়িং (৬৫) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী ছয়ঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আলহাজ ফড়িং (৬৫) গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালপুর মাথাভাঙা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে আলহাজ ফড়িং মোটরসাইকেলে রাজাবাড়ীর দিক থেকে পালপুরের দিকে যাচ্ছিলেন। ছয়ঘাটি এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জগামী ন্যাশনাল ট্রাভেলস’র বাস তাকে চাপা দিলে মোটরসাইকেলটি চাকার নিচে পড়ে যায়। এই সময় ব্যাংক কর্মকর্তার ডান পায়ের হাঁটু পর্যন্ত ও বাম পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। গুরুতর আহত অবস্থায় তিনি রামেক হাসপাতালে চিকিৎধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর। এ দুর্ঘটনায় ঘাতক ন্যাশনাল ট্রাভেলসের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।