গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকায় বসত ঘর থেকে হেলেনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ জুলাই) দুপুরে মোগরখাল এলাকার নজরুল ইসলামের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। হেলেনা আক্তার গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার আব্দুস সালামের মেয়ে।
মৃতের মামাতো ভাই রেজাউল ইসলাম জানান, ১০ বছর আগে বাগেরহাট জেলার বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে হেলেনার বিয়ে হয়। নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পেশায় তিনি একজন স্টুডিও ব্যবসায়ী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, দুপুরে বসত ঘর থেকে হেলেনার লাশ উদ্ধার করা হয়। লাশটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী নজরুল ইসলাম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।