আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির সরকার পতন আন্দোলনের ঘোষণা এখন জনগণের কাছে তামাশার উক্তি হয়ে গেছে। বিএনপি নিজেও জানে, এটা শুনে এখন মানুষ হাসে। তাই এবার তারা বলেছে, বন্যার পরে সরকার পতনের আন্দোলন করবে। আওয়ামী লীগ এসব নিয়ে ভাবে না।
শনিবার (৯ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় বিদ্যুৎ নিয়ে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। সে সময় বিদ্যুৎ পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় ছিল যে, এর জন্য কানসাটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ সেই সব ভুলে যায়নি, এসব আড়াল করতেই খাম্বা নামধারী বিএনপি এখন বিদ্যুৎ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে।
তিনি আরও বলেন, এখন ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। বৈশ্বিক সংকট পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে।