বিএনপি একটি সন্ত্রাসী ও লুটেরা দল হিসেবে জাতির কাছে চিহ্নিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. মাহবুব উল আলম হানিফ।
কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে মঙ্গলবার (১২ জুলাই) সকালে মো. মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।
তিনি বলেন,তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছে। সে লুণ্ঠনের টাকা নিয়ে লন্ডনে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে, এটা জাতি জানে। কাজেই এ ধরনের সন্ত্রাসী ও লুটেরা দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।’
মো. মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও দুর্নীতির মামলা রয়েছে। প্রায় এক যুগ ধরে লন্ডনে আছেন। একজন দাগী সন্ত্রাসী কীভাবে সেখানে বসবাস করছেন, তা জাতি জানতে চায়।’
তারেক রহমানের লন্ডনে অবস্থান প্রসঙ্গে হানিফ বলেন, ‘তিনি লন্ডনে আয়েশী জীবনযাপন করছেন। বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, একাধিক কর্মকর্তা-কর্মচারী তাঁর রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ দিয়েছেন। এত টাকার উৎস কী, কীভাবে একজন আসামি দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন—তার যৌক্তিকতা নিয়েও সরকার তদন্ত করবে।’
তিনিবলেন, ‘২০১২ সালের পর থেকে বিএনপি সরকার পতনের আন্দোলন করে আসছে। প্রতিবছরই জনগণ শুনছে যে, এবারই সরকারের পতন ঘটে যাবে। বিএনপির সরকার পতনের এ আন্দোলন নিয়ে জনগনের কোনো ভাবনা নেই। জনগন এটা রসিকতা হিসেবেই বিবেচনা করে। আর, আওয়ামী লীগ এ নিয়ে ভাবে না, কারণ যেকোনো আন্দোলনে সঙ্গে জনগণের সম্পৃক্ততা থাকলেই কেবল সফলতা পাওয়া যায়। জনগণের সম্পৃক্ততা না থাকলে কোনো আন্দোলনই সফল হয় না। বিএনপির কোনো আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।’