গাজীপুরে পৃথক দুটি এলাকায় আগুন লেগে ১৪টি ঝুটগুদাম পুড়ে গেছে। বুধবার (১৩ জুলাই) সকালে পূবাইল মাঝুখান পূর্বপাড়া ও কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাঝুখান পূর্বপাড়া এলাকায় আজ ভোর ৫টার দিকে ঝুটগুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ১০টি গুদামে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১০টি ঝুটের গুদাম পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান গণমাধ্যমকে বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া গণমাধ্যমকে বলেন, কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় বুধবার (১৩ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে প্রথমে একটি ঝুটগুদামে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। ওই সময়ের মধ্যে আগুন আশপাশের আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।