বরগুনার তালতলী শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তাসহ দুইজন নিখোঁজ হয়েছেন। তবে একই ঘটনায় গুরুতর অবস্থায় তার পরিবারের তিনজনকে উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে শুভসন্ধ্যা সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুইজন হলেন মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই (১৮)। মোস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত আছেন। উদ্ধারকৃতরা হলেন, মোস্তফা কাদেরর স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাতির মোহাম্মাদ (৯) ও আরেক ছেলে আবদুল করিম (১৬)।
নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করেন। সেই সুবাদে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে ও তার স্ত্রীর বোনের মেয়ে জুইকে নিয়ে ঈদের ছুটিতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে যান। ঢেউয়ের তোড় মুহূর্তের মধ্যে সমুদ্রের মাঝে নিয়ে যায় তাদের সবাইকে। পরে খোঁজাখুঁজির পর তিন জনকে পাওয়া গেলেও এনএসআই কর্মকর্তাসহ জুই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, এনএসআই কর্মকর্তা তার পরিবার নিয়ে সৈকতের কাছে সাঁতার কাটতে নামেন। এ সময় ঢেউয়ের আঘাতে সবই বিচ্ছিন্ন হয়ে হাত থেকে ছুটে গেলে সবাই ডুবে যান। কেউ সাঁতার কাটতে জানতেন না। তাদেরকে অন্য পর্যটকেরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
তালতলী ফায়ার সর্ভিসের অফিসার মো. আহসান হাবিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। আরও দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে।