কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ সময় তাদের ছেলে ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন উপজেলায় মোকাম ইউনিয়নের ভাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া (৪৫) ও তার স্ত্রী লুৎফা বেগম (৩৯)।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) আবদুল রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ৯টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, নিহতদের দুই সন্তান মারাত্মক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে বাস ও বাসচালক আবদুর রহমানকে আটক করা হয়েছে।
জানা গেছে, বুধবার (১৩ জুলাই) রাত ৯টায় আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে কাবিলা বাসস্ট্যান্ডে নামেন ইদ্রিস, লুৎফা ও তাদের দুই সন্তান। পরে হেঁটে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত ও দুই সন্তান আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।