কিশোরগঞ্জের হাওড়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে মিঠামইন উপজেলার হাসানপুর এলাকা থেকে মো. হিমেল মিয়া (২৬) নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের হাসানপুর ব্রিজ থেকে কিছুটা দূরে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (১৩ জুলাই) বিকেলে পরিবারের লোকজনের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে মিঠামইনের হাওড়ে ঘুরতে যান হিমেল।
সন্ধ্যার দিকে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের কাছে হিমেল ও তার দুই বন্ধু ধনু নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে দুই বন্ধু পাড়ে উঠলেও প্রবল স্রোতে পানিতে তলিয়ে যান হিমেল। হিমেল কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।