টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীতে ডুবে শারমিন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে যমুনা নদীর গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শারমিন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুল ছামাদের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য দবির উদ্দিন জানান, শারমিন ঈদে টাঙ্গাইল সদর উপজেলার ডিগ্রি হুগড়া গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকালে শারমিন কয়েকজন সহপাঠীদের নিয়ে যমুনা নদীর পারে খেলতে যায়। একপর্যায়ে তারা নদীর পারে পানিতে নামলে পানির প্রবল স্রোতে শারমিন তলিয়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে।
পরে বৃহস্পতিবার গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শারমিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।