মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় থেমে থাকা সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় উৎপল দাস (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানিয়েছেন, সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার নিমতলীর সিংগার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
উৎপল দাস সিরাজদিখান উপজেলার গোয়ালপাড়া এলাকার গোবিন্দ দাসের ছেলে। তিনি ইছাপুরা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানিয়েছেন, অটোরিকশায় সিরাজদিখানে আসছিলেন উৎপল দাসসহ কয়েকজন। সাড়ে ৮টার দিকে নিমতলীর সিংগার টেক নিমতলা এলাকায় অটোরিকশাটি থেমে ছিল। এ সময় সিরাজদিখান পরিবহনের ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে উৎপল দাস ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় তপু দাসসহ তিন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটিকে আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।