নড়াইলের লোহাগড়ায় হিন্দুদের বাড়িতে হামলায় গ্রেপ্তার পাঁচজনকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার (১৮ জুলাই) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।'
এর আগে, রোববার রাত (১৭ জুলাই) ও সোমবার( ১৮ জুলাই) সকালে এই ৫ জনকে লোহাগড়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৫ জন হলেন- মো. সাইদ শেখ, মো. রাসেল মৃধা, কবির গাজী, রেজাউল শেখ ও মো. মাসুম বিল্লাহ।
লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, তারা সবাই লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনার আগে ও পরে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।
সম্প্রতি ফেইসবুকে পোস্ট দিয়ে ধর্ম অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ার এক তরুণের বিরুদ্ধে। এ নিযে উত্তেজনা ছড়ালে শুক্রবার রাতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয় সাহাপাড়ার কয়েকটি বাড়িতে।