কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে জিয়ান (৭) এবং জুনায়েদ (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তার সম্পর্কে চাচাতো ভাই।
সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূর মানিকচর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে মো. জুনায়েদ নূর মানিকচর গ্রামের আবুল কালামের ছেলে এবং জিয়ান একই বাড়ির মমিন হোসেনের ছেলে।
শিশু দুইটির চাচা আবু সাহেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে নূর মানিকচর মাদরাসার পুকুরে গোসল করতে যায় জিয়ান ও জুনায়েদ। প্রথমে জুনায়েদ পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকলে জিয়ান তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। পরে তারা কেউই পানি থেকে ওঠতে পারেনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে কেউই আমাদের জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।